টানা পতনের পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান
অনলাইন ডেস্ক
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। টানা ছয় কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হলো।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৩ ও ২০৮৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৫০৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৪৮৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৬টি কোম্পানির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- আইপিডিসি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইস্টার্ন ব্যাংক, সার্প ইন্ডাস্ট্রি, এনভয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং ও প্যারামাউন্ট টেক্সটাইল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৮ পয়েন্টে অবস্থান করছে। মঙ্গলবার সিএসইতে হাত বদল হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৫টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।
এদিন সিএসইতে ১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
