টানা ভারি বৃষ্টিতে চট্টগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত, নগরজুড়ে দুর্ভোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে টানা ভারি বর্ষণে নগরীর বেশ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর বিস্তৃত এলাকা জলমগ্ন হয়ে পড়ায় দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা।
আবহাওয়া কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া বলেন, সোমবার সকাল থেকে ১০৯ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় সর্বমোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সাধারণ মানুষকে দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।
টানা বর্ষণে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে।
ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
