টানা ৭ দিন বন্ধ থাকার পর ফের খুলল ইরান-পাকিস্তান সীমান্ত

অনলাইন ডেস্ক
টানা সাতদিন বন্ধ থাকার পর পাকিস্তান ও ইরানের মধ্যে গাবদ-রিমদান সীমান্তপথ পুনরায় খুলে দেওয়া হয়েছে। এতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আবারও শুরু হয়েছে। একই সঙ্গে এক সপ্তাহ ধরে আটকে থাকা এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ পেয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে পাকিস্তানের গোয়াদর এলাকার গাবদ-রিমদান সীমান্তপথ, যা ‘গেট ২৫০’ নামে পরিচিত, দিয়ে বাণিজ্যিক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে যেসব পণ্যবাহী ট্রাকের কনসাইনমেন্ট নোট ১৬ অক্টোবর বা তার আগের তারিখের, সেগুলোকে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

গোয়াদর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মীর নাভিদ জান কালমাতি সীমান্তে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে ইরানের সঙ্গে গাবদ-রিমদান সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এর ফলে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন দুই দেশের মধ্যে চলাচল করতে পারছে।

সীমান্তপথ খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কালমাতি বলেন, বাণিজ্য পুনরায় চালু হওয়ায় উভয় দেশের সীমান্তে আটকে থাকা ব্যবসায়ী ও পরিবহনকারীরা তাৎক্ষণিক স্বস্তি পাবেন।

তিনি আরও বলেন, সরবরাহব্যবস্থা স্বাভাবিক হলে পাকিস্তানজুড়ে এলপিজির সংকট কমতে পারে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এর আগে সপ্তাহের শুরুতে একটি হামলার ঘটনার পর সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে স্থানীয় প্রশাসন। বাণিজ্যিক পণ্যবাহী বহরের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পর শনিবার সীমান্তটি পুনরায় খুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার অজ্ঞাত বন্দুকধারীরা গাবদ-রিমদান সীমান্তের কাছে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলোতে হামলা চালায়। এতে কয়েকটি ট্রাকে আগুন ধরে যায় এবং আরও বেশ কিছু ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

গত ১৭ অক্টোবর থেকে ট্রাকগুলো সীমান্তে আটকে ছিল। ওই দিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় গাবদ-রিমদান ও তাফতান—উভয় সীমান্তপথে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করে। একটি স্মারকলিপির মাধ্যমে মন্ত্রণালয় ৩ অক্টোবর জারি করা বাণিজ্য আদেশও তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে নেয়। তবে বাণিজ্য স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights