টেকনাফে ইয়াবাসহ আটক ৪
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত মাদক কারবারি হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর নাজির পাড়ার শামছুল আলমের ছেলে সৈয়দ আলম (৩৩), একই ইউনিয়নের শীলবুনিয়া পাড়া মৃত নাজির আহমদের ছেলে সৈয়দ আহম্মদ (৩৪), নাজিরপাড়ার নুর ইসলামের ছেলে নূুরে আলম (৩২) ও নাজিরপাড়ার মো. ইসহাকের ছেলে মো. ইসমাইল (২২)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার সাড়ে ৫ টার দিকে র্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন শীলবুনিয়া পাড়া এলাকার টেকনাফ বাজার থেকে সাবরাং বাজারগামী পাঁকা রাস্তায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারীকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ এবং সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত থেকে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি স্মার্ট ফোন, ৪টি বাটন ফোন এবং ১৩টি সীম কার্ড উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটক ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
