টেকনাফে দেশীয় তৈরি এলজি ও গুলি উদ্ধার, আটক ৩ রোহিঙ্গা
অনলাইন ডেস্ক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ডাকাতদলের ৩ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলি ক্যাম্পের আবু আহমেদের ছেলে এনায়েতুল্লাহ (২৬), একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২২ নম্বর উনচিপ্রাং ক্যাম্পের নূর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৯)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। খবর পাওয়া যায়, লেদা খালেরমুখ থেকে কিছু ডাকাতদলের সদস্য নৌকা দিয়ে টেকনাফ শহরের দিকে গমন করবে। এই তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র টহলদল নাফ নদীর কিনারায় কৌশলগত অবস্থান নেয় এবং তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তাদের তল্লাশি করে ১টি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টেকনাফ এলাকার বিভিন্ন মার্কেট, দোকান এবং বাড়িঘরে ডাকাতি করে। নিয়মিত মামলার মাধ্যমে তাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।
