টেকনাফে বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য-জ্বালানি তৈল জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৬ জন চোরাকারবারিসহ বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য ও জ্বালানি তৈল জব্দ করেছে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এসএম তাহসিন রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি জানান, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বিপুল পরিমান খাদ্যদ্রব্য ও জ্বালানি তৈল অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন নাফনদীর মোহনায় ১টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বোটটিকে ধাওয়া করে নাফনদীর মোহনা থেকে জব্দ করে। এসময় তল্লাশী চালিয়ে ২১ বস্তা রসুন, ১৭ বস্তা চিনি, ৩ বস্তা বিস্কুট ও আনুমানিক ৩৭ লিটার ডিজেল জব্দ করা হয়। এই অভিযানে কোস্টগার্ড আভিযানিক দল কর্তৃক ৫ জন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়। তারা হলেন তৈয়ব (৪৩), সলিম (২৬), জসিম উদ্দিন (১৮), মজিবুল্লাহ (১৮) ও রিদওয়ান (২২)। তারা সবাই টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ১ নং ওয়ার্ড এর বাসিন্দা।

এছাড়া একইদিন পৃথক আরেকটি অভিযানে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক নাফ নদী সংলগ্ন বড়ইতলী এলাকায় ২টি ডিঙি নৌকায় তল্লাশী চালিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা ৪ বস্তা ডাল, ৪ বস্তা চিনি, ৭ বস্তা ময়দা, ১২০ লিটার অকটেন, ৩৫ প্যাকেট বিস্কুট, ১০ প্যাকেট চকলেট, ৪ প্যাকেট চানাচুর, ৩ প্যাকেট সূজি, ১০ প্যাকেট হুইল সাবান, ১ প্যাকেট নুডুলস, ২ প্যাকেট আটা, ১ কেজি মরিচের গুঁড়ো, ১ কেজি চিনি, ৪ কেজি ডাল, ৫ লিটার পাম ওয়েল, ২টি দুধের প্যাকেট ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ ১ জন চোরাকারবারি আটক করা হয়। যার নাম শফিউল্লাহ (৪৮) এবং তিনি টেকনাফ থানাধীন বড়ইতলী এলাকার বাসিন্দা।
তিনি আরো জানান, জব্দকৃত মালামালসমূহের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের নিকট এবং আটককৃত চোরাকারবারিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights