টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি নৌকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে, শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ২ কিলোমিটার পশ্চিম দিকে পশ্চিমপাড়া ঘাট নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল উক্ত এলাকায় গমন করে কৌশলগত অবস্থান গ্রহন করে। কিছুক্ষণ পর টহলদল ৫ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিমপাড়া ঘাটের দিকে আসতে দেখে। টহলদল নৌকাটিকে দেখা মাত্রই চ্যালেঞ্জ করলে নৌকায় আরোহিত ব্যক্তিরা নৌকা থেকে লাফিয়ে ঘাট এলাকায় মানুষের ভিড়ে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে উক্ত ব্যক্তিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশী করে নৌকার পাটাতনের নিচে ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করতে সক্ষম হয়।
এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে নৌকাটিও আটক করা হয়। টহলদল কর্তৃক উক্ত এলাকায় দীর্ঘক্ষণ পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
