টেস্ট ক্রিকেট আমার এক নম্বর অগ্রাধিকার : কামিন্স প্যাট

অনলাইন ডেস্ক
সামনেই অপেক্ষা করছে আইপিএলের মেগা নিলাম। তার আগে সামনের মৌসুমের জন্য সানরাইজার্স হায়দরাবাদ প্যাট কামিন্সকে ধরে রাখবে কি না, সে ব্যাপারে এখনো কিছু বলেনি ফ্র্যাঞ্চাইজিটি। কামিন্স নিজেও নিশ্চিত নন, আইপিএলের পরের আসরে খেলবেন কি না। টেস্ট ক্রিকেটকে অগ্রাধিকার দিয়ে আগামী মৌসুমের জন্য পরিকল্পনা সাজাবেন তিনি।

আইপিএলে বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ নিয়ম করা হয়েছে এবার। নিলামের পর চোট বা গ্রহণযোগ্য কোনো বৈধ কারণ ছাড়া বিদেশি কোনো ক্রিকেটার সরে দাঁড়ালে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হবে।

প্রথমবারের মতো আইপিএলের নিয়ম সম্পর্কে কথা বলেছেন সানরাইজার্স হায়দরাবাদের প্যাট কামিন্স। গত বছর নিলামে দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ২০ কোটি রুপি দর হাঁকিয়ে প্যাট কামিন্সকে কিনেছিল হায়দরাবাদ। এর প্রতিদান বেশ ভালোভাবেই দেন কামিন্স।
আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে নিয়ে যান ঠিকই।

সম্প্রতি অস্ট্রেলিয়ার ডানহাতি এই পেসার গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘মৌসুমটা কেমন হবে, সেটা আমি শিগগিরই ঠিক করব। নিয়মে কিছুটা পরিবর্তন আছে বটে, তবে সেটা আমার আগের কোনো সিদ্ধান্তকে প্রভাবিত করত কি না জানি না। আমি কখনো নিলামের পর সরে দাঁড়াইনি। তবে আইপিএল নিয়ে ভাবার জন্য এটি (নিয়ম) একটি কারণ হতে পারে।’

তিনি আরও বলেন ‘টেস্ট ক্রিকেট হলো আমার এক নম্বর অগ্রাধিকার, বিশ্বকাপকেও আমি সেখানে রাখি এবং এটাকে মূল ভিত্তি হিসেবে ধরে নিয়ে অন্যান্য পরিকল্পনা সাজানো হয়ে থাকে। সূচির ব্যস্ততা কখনোই কমবে না, আর আমিও আর বয়সে ছোট হচ্ছি না। তাই এই বিষয়টি সবসময় ভাবনায় ছিল এবং সামনে তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে এটুকু বলার অপেক্ষা রাখে না যে, অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলা, বিশেষ করে টেস্ট ম্যাচ হলো আমার এক নম্বর কাজ এবং অগ্রাধিকার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights