টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর: স্মরণীয় আয়োজনে অভিষেক দলের সংবর্ধনা

অনলাইন ডেস্ক
বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের ২৫ বছর পূর্তি স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্টের রজতজয়ন্তী উপলক্ষে ২০০০ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলা দলকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বোর্ডের কেউ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলেননি। জানা গেছে, আগামীকাল বা পরশু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাংবাদিকদের ব্রিফ করতে পারেন।

আগামী ২৬ জুন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের ঐতিহাসিক দিন—এই তারিখেই ২০০০ সালে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক টেস্ট মর্যাদা পেয়েছিল দেশ। সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিসিবি নিয়েছে বিশেষ কর্মসূচি।

সভায় গৃহীত দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো:

১. ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে (বর্তমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) অভিষেক টেস্ট খেলা বাংলাদেশ দলকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান।

২. দেশের সব বিভাগীয় ক্রিকেট কার্যালয়ে ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে আকর্ষণীয় অনুষ্ঠান আয়োজন।

বাংলাদেশের অভিষেক টেস্টে খেলা ক্রিকেটাররা হলেন: নাইমুর রহমান দুর্জয় (অধিনায়ক), শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মেহরাব হোসেন অপি, হাবিবুল বাশার, আমিনুল ইসলাম বুলবুল, আকরাম খান, আল শাহরিয়ার রোকন, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও বিকাশ রঞ্জন দাস। দলটির হেড কোচ ছিলেন সারোয়ার ইমরান এবং ম্যানেজার ছিলেন আজিজ আল কায়সার টিটো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights