ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপকে ‘হালকাভাবে নিচ্ছে না’ ইরান

অনলাইন ডেস্ক

আমেরিকা ও ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে। তবে মার্কিন হামলার শঙ্কা কাটেনি। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যেকোনো মুহূর্তে হামলা চালাতে পারে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের গবেষক মোহাম্মদ এসলামি আল জাজিরাকে বলেন, মধ্যস্থতাকারীদের সাহায্যে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ব্যাক চ্যানেল’ বা গোপন আলোচনা চলছে। তবে এর অর্থ এই নয় যে, ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপগুলোকে ইরান ছোট করে দেখছে। তার দাবি, মার্কিন সেনাবাহিনী ইরানের ওপর আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ধ্বংসাত্মক কিছু করলে পরিস্থিতি কল্পনাতীত ভয়াবহ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি সতর্ক করেন।

এসলামি বলেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলতে ইরান সবসময়ই প্রস্তুত। ট্রাম্প যুদ্ধবিরতি ভেঙেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আগের সমঝোতা স্মারকে ফিরে এলেই এই অঞ্চলে শান্তি নিশ্চিত হবে।’

এদিকে, সংঘাত শুরুর আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এক্সে দেওয়া বার্তায় তারা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের এখনই ওই অঞ্চল ছাড়ার প্রস্তুতি নিতে বলেছে। একইসঙ্গে বাইরের নাগরিকদেরও সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দপ্তরের আশঙ্কা, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট জায়গাগুলোতে হামলা চালাতে পারে। ট্রাম্প গত সপ্তাহে ইরানের ওপর নজিরবিহীন হামলার হুমকি দেওয়ার পরও ঠিক এমন সতর্কতা জারি করা হয়েছিল। যদিও পরে হামলার কোনো নির্দেশ দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights