ট্রাম্প এবার নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন কী?
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারও শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন না। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার কারণে ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সুযোগ নেই ঠিকই, তবে শান্তিতে নোবেলজয়ী নির্বাচনে গঠিত কমিটির সিদ্ধান্তে ট্রাম্পের ব্যাপক প্রভাব থাকতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারটি দেওয়া হয়েছিল গেল বছর, যেটি ছিল এক অভূতপূর্ব ঘটনা নোবেল পুরস্কারের ১২৫ বছরের ইতিহাসে। পুরস্কারটি পেতে বারবার জোর লবিং চালিয়েছিলেন ট্রাম্প। এর কয়েক সপ্তাহ পর মাচাদো তার সোনার নোবেল পদকটি উপহার দেন ট্রাম্পকে। ভেনেজুয়েলায় ‘গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টায়’ ট্রাম্পের সমর্থন পেতেই তিনি এমনটি করেছিলেন বলে অনেকে জানিয়েছেন।
ওসলোর পিস রিসার্চ ইনস্টিটিউট’র ভারপ্রাপ্ত পরিচালক হাকন জেরলো জানান, যিনি ট্রাম্পের চাপ সামলে উঠতে পারবেন, এবছর এমন কাউকেই বেছে নিতে সতর্ক থাকবে পাঁচ সদস্যের নোবেল কমিটি। রয়টার্সকে তিনি জানান, নোবেল শান্তি পুরস্কার ঘিরে গত বছর যেসব ঘটনা ঘটেছিল, বিশেষ করে ট্রাম্পের হাতে মাচাদোর পদক তুলে দেওয়ার বিষয়টিকে এবার কমিটি বিবেচনায় রাখবে বলে মনে করি আমি। জেরলো আরও জানান, কমিটির প্রধান চিন্তাই হতে পারে, কাউকে পুরস্কৃত করা হলে তিনি ট্রাম্পের চাপের মুখে পড়বেন কি না। এই সম্মাননা আদতে উপকারের চেয়ে ক্ষতি বেশি করবে কি না, কমিটি সেটাও ভেবে দেখবে।
বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে নোবেল পুরস্কার পেতে পারেন পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কিংবা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যাপোর্টার ফ্রানচেস্কা আলবানিজ। এবছর শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে ৯ অক্টোবর। সূত্র: রয়টার্স
