ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে প্রতিবাদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার।

সোমবার দুপুরে সংগ্রহশালায় গিয়ে তিনি ছবিগুলো ছিঁড়ে ফেলেন। এ সময় ভাষা আন্দোলনের ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতার চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সংগ্রহশালায় ছবি প্রদর্শনের দাবি জানান তিনি।

আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাঁকে ডাকসু সংগ্রহশালায় স্থান দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন ও ডাকসুর নেতাদের জবাব দিতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেম, শেখ মুজিবুর রহমান ও মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবি থাকা উচিত।’

আবু তৈয়ব হাবিলদার উর্দু বিভাগের শিক্ষার্থী। তিনি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এর আগে রবিবার সংস্কারের পর ডাকসু সংগ্রহশালা পুনরায় চালু করা হয়। সেখানে নতুন করে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শনের জন্য রাখা হয়। এর একটি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে দেওয়া তাঁর বক্তব্যের ছবি। ওই বক্তব্যে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন।

অন্য ছবিটি ১৯৪০ সালের মার্চে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি দলীয় ছবি। তৃতীয়টি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত জিন্নাহর ছবি সংবলিত একটি প্রতিবেদন।

জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সকালে দেওয়া এক প্রতিক্রিয়ায় সংগঠনটি ডাকসুর বর্তমান পরিষদের বিরুদ্ধে পাকিস্তানপ্রীতির অভিযোগ তোলে। এ ধরনের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিকামী চেতনা ও শিক্ষার্থীদের গণআকাঙ্ক্ষার পরিপন্থী বলে জানায় সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights