ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজন
নোয়াখালী প্রতিনিধি
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, বৈজ্ঞানিক সেমিনার ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাসহ নানা আয়োজনে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা শহর মাইজদীর হাসপাতাল সড়কে নোয়াখালী ডায়াবেটিক সমিতির কার্যালয় ও হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমিতির হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
নোয়াখালী ডায়াবেটিক সমিতির সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সমিতির সাধারণ সম্পাদক এ টি এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন চিকিৎসক মো. আনোয়ার হোসেন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
এ ছাড়া বক্তব্য দেন সমিতির আজীবন সদস্য প্রবীণ শিক্ষাবিদ মুহাম্মদ কাজী রফিক উল্যাহ ও চিকিৎসক আবদুল হাই।
আলোচনা সভা শেষে নোয়াখালী ডায়াবেটিক সমিতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের যৌথ উদ্যোগে ডায়াবেটিস সচেতনতামূলক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রজেক্টরের মাধ্যমে ডায়াবেটিসের বিভিন্ন দিক তুলে ধরেন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মো. কামরুল হোসেন। এ পর্বে আরও বক্তব্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. হাসান উদ্দিন ও শহীদ মুগ্ধ মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা অধ্যাপক মো. সেলিম।
দিবসটি উপলক্ষে ডায়াবেটিক সমিতির হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের খাদ্যাভ্যাস ও হাঁটাচলাসহ রোগ নিয়ন্ত্রণের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালায় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
