ডিম নিক্ষেপ-মিছিলের মুখে সস্ত্রীক আওয়ামী লীগ নেতাকে কারাগারে প্রেরণ
মুর্হুমুহু ডিম নিক্ষেপ আর মিছিলের মুখে আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে আদালতে হাজির না করে কারাগারে নিয়ে গেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে শফিক ও তার স্ত্রীকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক ও তার স্ত্রী বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও বগুড়া জেলা পরিষদের সাবেক সদস্য লিপি আক্তার গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপন করেন।
বুধবার রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকায় গ্রেফতারের পর বগুড়া সদর থানা পুলিশের একটি টিম তাদের বগুড়ায় নিয়ে আসেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির করা হবে এমন সংবাদে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের নেতৃত্বে নেতাকর্মীরা আদালত চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করেন। এসময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়।
সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে বহনকারী প্রিজন ভ্যান আদালত চত্বরে পৌঁছালে মিছিল থেকে প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম নিক্ষেপ শুরু করা হয়। এক পর্যায় তাদের আদালতে না তুলে পুলিশ ও সেনা সদস্যদের পাহারায় প্রিজন ভ্যান কারাগারের দিকে চলে যায়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, নিরাপত্তার কারণে শফিক ও তার স্ত্রীকে আদালতে হাজির না করেই কারাগারে নিয়ে যাওয়া হয়। বগুড়া সদর থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে আবেদন করা হয়। বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা শফিক ও তার স্ত্রী লিপি আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
