ডিসি অফিসের সামনে জেলেদের বিক্ষোভ-অবস্থান
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী সদর উপজেলায় শতাধিক জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের বিরুদ্ধে। বরাদ্দের চেয়ে কম চাল না নিলে জেলের তালিকা থেকে নাম কেটে দেওয়াও হুমকি দেওয়া হয় প্রকৃত জেলেদের। রাজবাড়ী পৌরসভা থেকে কম চাল না নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে অবস্থান করেন রাজবাড়ী সদর উপজেলার শতাধিক জেলে। এ সময় তারা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীবের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।
জানা গেছে, আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ শুরু হবে। এই সময় জেলেদের জাটকা ইলিশ ধরা বন্ধ রাখতে জেলেদের সহায়তা করা হয়। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত নিবন্ধিত জেলেদের সহায়তা করা হয়। এ সময় প্রতি জেলে পরিবারের জন্য মাসে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ফেব্রুয়ারি ও মার্চ এই দুই মাসে ৮০ কেজি চালের জায়গায় ৭০-৭২ কেজি করে চাল দেওয়ার করণে ক্ষোভ প্রকাশ করেন জেলেরা।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা হলে জেলেদের সাথে কথা বলতে নিচে আসেন সহকারি কমিশনার মো. সাইদুল ইসলাম।
অবস্থান কর্মসূচিতে আসা জেলেদের অভিযোগ, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব দালালচক্রের মাধ্যমে জেলেদের তালিকা প্রস্তুত করেন। রাজবাড়ী সদর উপজেলায় প্রকৃত জেলেদের বাদ দিয়ে তিনি এই তালিকা করেন। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের জেলেদের নাম ইচ্ছেকরে বাদ রাখেন। যাদের নাম তালিকায় রাখেন তাদের চাল কম দেন। দ্রুত সময়ের মধ্যে রাজবাড়ী থেকে তাকে সরিয়ে নেওয়ার দাবি জেলেদের।
জেলেদের অবস্থান কর্মসূচিতে স্থগিতের জন্য জেলেদের অনুরোধ করেন সহকারী কমিশনার (নেজারত) মো. সাইদুল ইসলাম। তিনি বলেন, তাদের অভিযোগ উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা আল রাজীবের বিরুদ্ধে। তাদের অভিযোগের বিষয়টি আমি শুনেছি। আমি তাদের অনুরোধ করেছি বিষয়টি লিখিত আকারে জেলা প্রশাসক বরাবর জানাতে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফা আজ রাজীব এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, জেলেদের অভিযোগ ভিত্তিহীন। আমরা নিয়ম মেনে তালিকা প্রস্তুত করি।
