ডুয়েটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বুধবার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে প্রথম প্রহরে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমানের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ), প্রভোস্টগণের নেতৃত্বে হলসমূহের শিক্ষার্থীবৃন্দ, অফিসার্স এসোসিয়েশন, ছাত্রসংগঠন, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহিদ মিনার প্রাঙ্গণে মহান শহিদ দিবসের তাৎপর্য ও চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। অনুষ্ঠানের বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, রেজিস্ট্রার, অফিস প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান শহীদ দিবস উদ্যাপন উপলক্ষ্যে ভোরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য ‘একুশের চেতনায় বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার মাধ্যমে প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা, ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের উদ্যোগে শহিদ দিবসের চেতনা তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান, বাদ যোহর ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে চিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights