ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৮৯
অনলাইন ডেস্ক
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৮৩ জনে দাঁড়াল। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৮৯ জন ডেঙ্গু রোগী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯২১০ হাজার জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪৬৫০ জন। অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৫৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৫৭ হাজার ৯১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২ হাজার ৫৬২ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ২৭ হাজার ১৫৪ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৫০ হাজার ২২৩ জন বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৮৬ এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫৩৭ জন রয়েছেন।
