ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না : জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যার্থ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারো যেন কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে সবাই যেন তামাশা দেখছে।

সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন জিএম কাদের।

বিবৃতিতে জিএম কাদের বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রকাশ, গতকাল রবিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরো বেশি। সরকারি হিসাবে এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোনো হিসাব নেই কারো কাছে। সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেন কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, রাজধানীর দুই সিটি কর্তৃপক্ষ ডেঙ্গু নিধনের নামে সাধারণ মানুষকে হতাশ করেছে। মশা নিধনে যে ঔষধ স্প্রে করছে, তাতে সাধারণ মানুষের বিশ্বাস নেই। সাধারণ মানুষ মনে করে, দুর্নীতির জন্যই নকল ঔষধ স্প্রে করছে কর্তৃপক্ষ। দেশের মানুষ জানতে চায়, ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে। আর, মশা নিধনে ব্যবহৃত ঔষধ কেনার নামে কোন দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতেও দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights