ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

শনিবার খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান খেলার মাঠে আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানী ঢাকায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানে শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’। সমন্বিত সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। ‘সমন্বিত সচেতন সমাজ’র এই উদ্যোগ প্রশংসনীয় এবং এই সচেতনতা ঢাকার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর পাশাপাশি মাদক নির্মূলেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে। তবে মাদক নির্মূলে প্রশাসনকেও ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ করছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূইয়া বলেন, ডিএসসিসি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে। তবে এবার নতুন করে স্থানীয় জনগণকে এই সচেতনমূলক প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই চেষ্টা করলে ডেঙ্গু রোগ নির্মূল হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমন্বিত সচেতন সমাজ-এর সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুলসহ একঝাঁক প্রাণবন্ত স্বেচ্ছাসেবক এবং সর্বস্তরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ সময় স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights