আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের কব্জি বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে রনি (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে আশুলিয়া থানার ভাদাইল পাবনারটেক পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আহত রনি পাবনারটেক পশ্চিমপাড়ার ইমরানের বাড়ির নিচতলায় বসবাস করতেন। তিনি দীর্ঘ প্রায় আট বছর ধরে ওই বাড়ি ও একটি গরুর খামারের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম রফিকুল ইসলাম রিপন।

প্রাথমিক তথ্যানুযায়ী, ঘটনার সময় রনি বাসায় একা ছিলেন। এ সময় ককটেল তৈরির চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে রনিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) রাশেদুজ্জামান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় রনির সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights