ড্রেসিং রুমে ভ্যাপিং: রিয়ান পরাগের জরিমানা

স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ড্রেসিং রুমে ই-সিগারেট বা ভ্যাপিং করার ঘটনায় শাস্তির মুখে পড়েছেন রিয়ান পারাগ। তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, সেদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালস ৬ উইকেটে জয় পায়। ম্যাচ চলাকালীন রান তাড়ার সময় ড্রেসিং রুমে পারাগকে ভ্যাপিং করতে দেখা যায়, যা পরে ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতে ই-সিগারেটের ব্যবহার, বিক্রি, উৎপাদন, আমদানি ও বিজ্ঞাপন নিষিদ্ধ। বিষয়টি সামনে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, রিয়ান পারাগ আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা এমন আচরণের সঙ্গে সম্পর্কিত যা ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করে।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক পারাগের বার্ষিক পারিশ্রমিক প্রায় ১৪ কোটি রুপি, যেখানে তার ম্যাচ ফি প্রায় ১ কোটি রুপি। ফলে ২৫ শতাংশ জরিমানায় প্রায় ২৫ লাখ রুপি কেটে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

চলতি আইপিএলে ব্যাট হাতে ফর্মে নেই পারাগ। ৯ ম্যাচে এখনো তিনি বড় কোনো ইনিংস খেলতে পারেননি। তবে তার দল ৯ ম্যাচের মধ্যে ৬টি জিতে পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights