ঢাকনা খোলা ম্যানহোলে দুর্ঘটনার শঙ্কা

আফজাল, টঙ্গী

গাজীপুরে বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে ড্রেন বা ম্যানহোলে স্ল্যাব না থাকা এবং উন্মুক্ত ড্রেনের কারণে তৈরি হয়েছে দুর্ঘটনার শঙ্কা। কোথাও ভাঙা স্লাব, কোথাও ঢাকনার বালাই নেই। ফলে অসতর্ক হলেই পথচারী, শিশু কিংবা যানবাহন এর মধ্যে পড়ে যেতে পারে।

সরেজমিন ঘুরে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কে স্ল্যাব বা নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণে একটু জলাবদ্ধতা দেখা দিলে প্রায়শ যানজট ও ঘটে দুর্ঘটনা। প্রাণহানির ঝুঁকি থাকলেও গাজীপুর সিটি করপোরেশন ও সওজ কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা মসজিদের এক মুসল্লি আবদুল হাই বলেন, থানার পাশে সড়কের মাঝপথে স্ল্যাব ভেঙে যাওয়ার ফলে এই পথে যানবাহন চলাচলে কষ্ট হয়। রাতের অন্ধকারে সড়কের মাঝপথে স্ল্যাব নেই তা একদমই বোঝা যায় না। অনেকেই এখানে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

টঙ্গী ৫৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদুল ইসলাম কিরণ বলেন, আগে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে ড্রেনে ময়লা ও বিভিন্ন স্থানে স্ল্যাব ভেঙে সড়কের মাঝে বড় বড় গর্তে পরিণত হয়। এতে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছে। এসব রাস্তা ও ড্রেন নির্মাণ কিংবা সংস্কার হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।

এ ব্যাপারে গাজীপুর সিটির প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, যে সব জায়গায় স্লাব নেই সেখানে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। মানুষের দুর্ভোগ রোধে এবং গ্রিন ও ক্লিন সিটি নির্মাণে কাজ করে যাচ্ছি। নগর উন্নয়নে সবার সহযোগিতা চাই। এই শহর আমার, আপনার সবার। তাই বাসযোগ্য শহর গড়তে সবাই এগিয়ে আসুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights