ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রস্তাবে নীতিগত অনুমোদন

অনলাইন ডেস্ক

ঢাকায় তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদের একটি কার্যালয় চালু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে জাতিসংঘের একটি মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই কার্যালয় চালু থাকবে।

আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। ওনাদের সঙ্গে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল। এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন; আলোচনার করছিলেন। এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করবো। তা চূড়ান্ত করে ভলকার টুর্কের কাছে তা পাঠানো হবে।

আসিফ নজরুল আশা প্রকাশ করেন, দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।

তিনি বলেন, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের পর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রাথমিকভাবে এটা হবে তিন বছরের জন্য। তিন বছর পর দুই পক্ষই যদি মনে করে এটা নবায়ন করা দরকার তাহলে এটা বিবেচনা করে দেখতে পারবে।

মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের পাশাপাশি এই কার্যালয় একটি স্বাধীন ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights