বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশে রোনালদোসহ রয়েছেন যারা

২০২৬ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা অনেক ফুটবলারের পাশাপাশি হতাশাও ছড়িয়েছেন বেশ কয়েকজন তারকা। টুর্নামেন্ট শেষে সেই হতাশাজনক পারফরম্যান্সের ভিত্তিতে ‘সবচেয়ে বাজে একাদশ’ বা ‘ফ্লপ একাদশ’ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া মাধ্যম ব্লিচার রিপোর্ট।

এই একাদশের আক্রমণভাগের নেতৃত্বে রয়েছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, উরুগুয়ের ফেদেরিকো ভালভার্দে, পর্তুগালের ভিতিনিয়া, জার্মানির লেরয় সানে, ইংল্যান্ডের রিস জেমস, ব্রাজিলের গ্যাব্রিয়েল মাগালহায়েস, জার্মানির জোনাথন তাহ, ফ্রান্সের লুকাস দিন ও ইংল্যান্ডের নোনি মাদুয়েকে।

ব্লিচার রিপোর্টের মতে, বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় সবচেয়ে বেশি হতাশ করেছেন নয়্যার। আন্তর্জাতিক ফুটবলে অবসর ভেঙে ফিরে এলেও জার্মানির হয়ে নিজের সেরা ছন্দে ছিলেন না তিনি। গ্রুপ পর্বে একাধিক ভুলের পাশাপাশি নকআউট পর্বেও দলকে বাঁচাতে পারেননি।

রক্ষণভাগে রিস জেমসকে রাখা হয়েছে মূলত চোটের কারণে। পুরো টুর্নামেন্টে সম্ভাব্য ৭২০ মিনিটের মধ্যে মাত্র ৩১৮ মিনিট খেলতে পেরেছেন তিনি। অন্যদিকে ব্রাজিলের গ্যাব্রিয়েল গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে অবস্থানগত ভুল করে সমালোচনার মুখে পড়েন। বিশেষ করে নরওয়ের বিপক্ষে আর্লিং হলান্ডকে ফাঁকা হেডের সুযোগ করে দেওয়াকে তার সবচেয়ে বড় ভুল হিসেবে উল্লেখ করেছে ব্লিচার রিপোর্ট।

জার্মান ডিফেন্ডার জোনাথন তাহও প্রত্যাশা পূরণ করতে পারেননি। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে প্রথম শট উড়িয়ে দিয়ে জার্মানির বিদায় ত্বরান্বিত করেন তিনি। আর ফ্রান্সের লুকাস দিনের ভুল থেকে স্পেন সেমিফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি পায়।

মাঝমাঠে উরুগুয়ের অধিনায়ক ভালভার্দের পারফরম্যান্সও ছিল বিবর্ণ। পুরো টুর্নামেন্টে গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি। একই অবস্থা ভিতিনিয়ার। ক্লাব ফুটবলে দুর্দান্ত মৌসুম কাটালেও পর্তুগালের হয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন তিনি। প্রতিটি ম্যাচেই বদলি হওয়ার ঘটনাকে তার হতাশাজনক বিশ্বকাপের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছে ব্লিচার রিপোর্ট।

জার্মানির লেরয় সানে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছেন। সিদ্ধান্তহীনতা ও ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে তাকেও এই একাদশে রাখা হয়েছে।

এদিকে দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন পর্তুগালের সাবেক কোচ রবার্তো মার্তিনেজ। ব্লিচার রিপোর্টের দাবি, দলের কৌশলের চেয়ে রোনালদোকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিলেন তিনি। ফলে ভারসাম্য হারিয়ে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয় পর্তুগালকে, যারা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights