শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কলকাতায়ও বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

কলকাতা প্রতিনিধি

মাত্র সাত মাসের শিশু। এখনো কথা বলতে শেখেনি, শেখেনি হাঁটতেও। অথচ সেই সন্তানের ভবিষ্যৎ চিন্তায় এখনই উদ্বিগ্ন মা-বাবা। সন্তানের সুরক্ষিত ভবিষ্যতের দাবিতে তাই সাত মাসের শিশুকে কোলে নিয়েই কলকাতার রাজপথে মিছিলে নামলেন এক দম্পতি।

সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ কেলেঙ্কারি, শিক্ষার্থীদের আত্মহত্যা এবং দিল্লিতে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে শুক্রবার (২৪ জুলাই) প্রতিবাদের উত্তাপ ছড়ায় কলকাতার রাজপথে।

সেই মিছিলে সবার নজর কাড়েন ব্যারাকপুরের বাসিন্দা শ্রুতি বিশ্বাস ও সায়ক সরকার দম্পতি। কোলে দুধের শিশু, পিঠের ব্যাগে ফিডিং বোতলসহ দরকারি নানা সামগ্রী। আর হাতে একটি প্ল্যাকার্ড; তাতে লেখা ‘ইভেন মাই সন ইজ মোর এডুকেটেড দেন দ্য গভর্নমেন্ট’ (এমনকি আমার ছেলেও সরকারের চেয়ে বেশি শিক্ষিত)।

প্রতিবাদে নামার কারণ জানিয়ে মা শ্রুতি বিশ্বাস বলেন, ‘আমার সন্তান যখন বড় হয়ে স্কুলে পড়বে, তাকেও এই একই প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ইতোমধ্যে ২০ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। একজন অভিভাবক ও নারী হিসেবে আমার মনে হয়েছে প্রতিবাদ করা জরুরি। মূলত সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই রাজপথে নেমেছি।’

শুক্রবার কলকাতায় এই মহামিছিলের ডাক দেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএ-সহ বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠন। মিছিলে সংহতি জানিয়ে অংশ নেয় ‘কাকরোচ জনতা পার্টি’র সদস্য এবং বিপুলসংখ্যক সাধারণ অভিভাবক। ফলে অন্যান্য দিনের চেয়ে এই আন্দোলনের ঝাঁজ ছিল অনেকটাই বেশি।

এদিন সকাল থেকেই শিয়ালদহ স্টেশনের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। বিকেলে সেখান থেকে বিশাল মিছিলটি শহরের প্রাণকেন্দ্র ধর্মতলার দিকে এগোতে থাকে। মিছিল থেকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে সমালোচনা করা হয় কেন্দ্র ও রাজ্যের শাসকগোষ্ঠীর।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজপথে কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা।

অন্যদিকে, একই দিনে বিকেলে কলেজ স্কয়ার থেকেও আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়ে ধর্মতলার দিকে যায়। শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়কে একসঙ্গে আন্দোলন চলায় থমকে যায় কলকাতার যানবাহন চলাচল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights