সিরিজের শেষ ম্যাচের আগে অজি শিবিরে চোটের জোড়া ধাক্কা
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার পেসার নাথান এলিস। সাইড স্ট্রেইনে আক্রান্ত হয়ে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। একই সঙ্গে হ্যামস্ট্রিং চোটের কারণে সফর শেষ করেছেন বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে চার ওভার বল করার পর বাঁ পাশের চোট অনুভব করেন এলিস। এরপর আর বোলিংয়ে ফিরতে পারেননি তিনি। তার অনুপস্থিতি অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে বড় প্রভাব ফেলে। ম্যাচটিতে ৩৬৫ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা এবং ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বোলার ছিলেন এলিস। চোটের কারণে তাকে দেশে ফিরতে হচ্ছে। সেখানে আরও পরীক্ষা-নিরীক্ষা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন তিনি। আগামী ১৩ নভেম্বর থেকে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘরের মাঠের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে সুস্থ হয়ে ফেরার আশা করা হচ্ছে।
এই সফরে সাইড স্ট্রেইনে আক্রান্ত হওয়া অস্ট্রেলিয়ার দ্বিতীয় পেসার এলিস। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একই ধরনের চোটে পড়েছিলেন বিলি স্ট্যানলেক।
এলিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডের জন্য অস্ট্রেলিয়ার হাতে থাকছে চারজন ফিট পেসার। প্রথম দুই ম্যাচে না খেলা প্যাট কামিন্সের দলে ফেরার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ম্যাচে বিশ্রামে থাকা মিচেল স্টার্কও একাদশে ফিরতে পারেন। প্রথম দুই ওয়ানডে খেলা জশ হ্যাজেলউডকে বিশ্রাম দেয়া হতে পারে। সে ক্ষেত্রে জেভিয়ার বার্টলেট তার জায়গা ধরে রাখতে পারেন।
এদিকে, বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া জোয়েল ডেভিসও কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরছেন। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার পর হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিউ সাউথ ওয়েলসের হয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার প্রস্তুতি নেবেন এই স্পিনার।
দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডে এখন পর্যন্ত নতুন কোনো খেলোয়াড় যোগ করা হয়নি। তবে ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের আগে জশ ইংলিস দেশে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ডারবানে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন ইংলিস।
সূত্র: ক্রিকইনফো।
