ঢাকায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না রাজনের

নিজস্ব প্রতিবেদক, সিলেট
চাকরির জন্য পরীক্ষা দিতে ঢাকা গিয়েছিলেন সিলেটের যুবক মাহবুব সারওয়ার রাজন (২৫)। পরীক্ষা শেষে শুক্রবার ট্রেনে করে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা হন তিনি। কিন্তু পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হয়নি রাজনের।

রবিবার রাতে (১২ জুলাই) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-সাটিয়াজুরি রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী দাসপাড়া এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রাজন জকিগঞ্জ উপজেলার গন্ধদত্ত গ্রামের আবুল কালামের ছেলে। প্রায় আট মাস আগে তিনি বিয়ে করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সরকারি একটি চাকরির পরীক্ষায় অংশ নিতে রাজন ঢাকায় গিয়েছিলেন। শুক্রবার পরীক্ষা শেষে তিনি উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা হন। ট্রেন ছাড়ার কিছু সময় পর থেকে রাজনের মোবাইল ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা।

নিহতের বড় ভাই মাহবুব হাসান মুন্না জানান, রাজনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। রবিবার রাতে ফেসবুকের সূত্র ধরে তারা জানতে পারেন হবিগঞ্জের দাশপাড়া এলাকায় রেললাইনের পাশের একটি ঝোঁপে স্থানীয়রা একটি মরদেহ উদ্ধার করেছেন। মরদেহটি দেখে তারা রাজনকে সনাক্ত করেন।

রাজনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘নিহতের স্বজনরা এসে মরদেহের পরিচয় সনাক্ত করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights