ঢাকায় সৌরভ গাঙ্গুলী

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিদায়ী বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী ঢাকায় পৌঁছেছেন। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। নির্ধারিত সূচি অনুযায়ী আজ সকালেই ঢাকায় নামার কথা ছিল তার। ফ্লাইট জটিলতায় দেরি হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কাপের উদ্বোধন করতে বাংলাদেশে এসেছেন সৌরভ গাঙ্গুলী। আজ বিকাল পৌনে ৪টায় মেয়র কাপ উদ্বোধনের ভেন্যু হোটেল ওয়েস্টিনে প্রবেশ করেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আইসিআইসিআই ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে সৌরভের।
সৌরভকে দিয়ে মেয়র কাপের উদ্বোধন করানোকে বড় চমক বলছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সম্প্রতি সংবাদ সম্মেলনে মেয়র আতিক জানান, ‘আমি সৌরভ গাঙ্গুলীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, উনি মেয়র কাপের উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য কোনো টাকা নেননি। আমি তাকে বলেছি, এই মেয়র কাপ মাদকের বিরুদ্ধে, ভবিষ্যৎ প্রজন্মকে বার্তা দেওয়ার জন্য আয়োজন করছি। মাদকমুক্ত দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। আমাদের বাচ্চাদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য, মাদককে না বলার জন্য এই প্রতিযোগিতা। তিনি বিষয়টি খুব পছন্দ করেছেন।’

মার্চে শুরু হবে মেয়র কাপ ক্রিকেট, ফুটবল ও ভলিবল টুর্নামেন্ট। উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের খেলোয়াড়রা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights