ঢাকা বার নির্বাচনে আওয়ামীপন্থীরা পূর্ণ প্যানেলে জয়ী

অনলাইন ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতির (২০২৩-২৪) কার্যকরী কমিটির নির্বাচনে প্রথম দিনের ভোটগ্রহণের পরই নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি-জামায়াতপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। ভোটগ্রহণ শেষে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল।

ভোট গণনা শেষে শুক্রবার রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকার মহানগর পিপি অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আবু।

নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া জুবায়েরসহ সব কয়টি পদে সাদা প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।
সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রীতু, সহ-সভাপতি শ্রী প্রাণ নাথ, ট্রেজারার বিবি ফাতেমা (মুন্নী), সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ফাহিম শরীফ, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (জয়), লাইব্রেরি সম্পাদক মো. রেজাউল হক মিয়া (রিপন), সাংস্কৃতিক সম্পাদক শিখা ইসলাম, দফতর সম্পাদক মো. গোলাম কিবরিয়া (সুমন), ক্রীড়া সম্পাদক এস এম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল হাসনাত (জিহাদ) জয় পেয়েছেন।

এছাড়া সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আশিফুল ইসলাম (মুরাদ), আসলাম হোসেন, মো. কামাল হোসেন, তানজির হোসেন (রবিন), মোছা. ইসমত আরা শারমিন (রীমু), নাসির উদ্দিন, সঞ্জয় কুমার কর্মকার, শারমিন সুলতানা টুম্পা ও ইয়াসিন জাহান (নিশান) বিজয়ী হয়েছেন।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। দুইদিনে মোট ১৯ হাজার ৬১৮ ভোটারের মধ্যে নয় হাজার ২৪৩ জন আইনজীবী ভোট দেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে আইনজীবী সমিতির কার্যালয়ে এ ভোট গণনা শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights