ঢাকা-১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

অনলাইন প্রতিবেদক

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা মুহিউদ্দীন রাব্বানী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শোডাউন করেছেন। সোমবার সকাল ৮টায় সাভার মডেল মসজিদের সামনে থেকে রিকশা প্রতীক নিয়ে এ শোডাউন শুরু হয়।

শোডাউনটি সাভারের ব্যাংক টাউন হয়ে পৌরসভা, নবীনগর ও নয়ারহাট অতিক্রম করে বাইপাইল, বলিভদ্র ও চারাবাগে যায়। এরপর আকরাইন ও পাকিজা মসজিদ এলাকা হয়ে শোভাযাত্রা আবার সাভার মডেল মসজিদের সামনে এসে শেষ হয়।

শোডাউনে অংশ নিয়ে মুহিউদ্দীন রাব্বানী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা ও বিভিন্ন সমস্যা সমাধানে তার অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, সাভার-আশুলিয়াকে মাদকমুক্ত, দখলমুক্ত, শ্রমিকবান্ধব ও উন্নত এলাকায় রূপান্তর করাই তার দলের লক্ষ্য।

তিনি জানান, এলাকায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী যুব ক্লাব গঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পাঞ্চলে নিয়মিত সচেতনতা কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

রাব্বানী বলেন, দেশের বৃহত্তম শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার শ্রমিকদের যাতায়াত, বাসস্থান ও নিরাপত্তা উন্নয়ন করা হবে। নারী শ্রমিকদের জন্য নিরাপদ আবাসন ও ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু এবং নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের প্রতিশ্রুতিও দেন তিনি।

এলাকায় জমি দখল, সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়ে তিনি বলেন, ভুক্তভোগীদের জন্য গোপন অভিযোগ সেল চালু করা হবে যাতে তারা নির্বিঘ্নে অভিযোগ জানাতে পারেন।

রাস্তাঘাট, ড্রেনেজ ও আলোকায়ন ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ এবং আধুনিক সিগনালিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

রাব্বানী আরও বলেন, স্কুল-মাদরাসা উন্নয়ন তহবিল গঠন, শক্তিশালী কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা এবং প্রতিটি এলাকায় নিরাপদ খেলার মাঠ নির্মাণ তার অঙ্গীকারের অংশ।

বক্তব্যের শেষে মুহিউদ্দীন রাব্বানী বলেন, মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত, শ্রমিকবান্ধব ও আধুনিক সাভার-আশুলিয়া গড়াই আমার লক্ষ্য।

গণসংযোগ ও শোডাউন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, ঢাকা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন, মাওলানা ইব্রাহীম, মাওলানা খন্দকার কাউসার, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মাওলানা মুহিউদ্দীন, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আফসার মাহমুদসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights