ঢাবিতে ছাত্রীদের আন্তহল এবং ছাত্রদের আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবার থেকে শুরু হচ্ছে ছাত্রীদের আন্তহল এবং ছাত্রদের আন্তবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৩-২৪। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল রবিবার কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ছাত্রীদের পাঁচটি হল এবং বিভাগ ও ইনস্টিটিউটের ছাত্রদের ৮৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। সোমবার ছাত্রীদের উদ্বোধনী ম্যাচে অংশ নেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং রোকেয়া হল। একই দিনে ছাত্রদের উদ্বোধনী ম্যাচে ইংরেজি বিভাগের বিপক্ষে খেলবে আরবী বিভাগ।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার ও পরিচালক মো. শাহজাহান আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার লক্ষ্যে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের উপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে এসব কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বেই উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ পরিচালিত হবে। এজন্য শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে এবং পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। নেতৃত্বের গুণাবলি অর্জনের লক্ষ্যে লেখাপড়ায় ভালো করার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights