ঢাবিতে ছাত্র উদ্যোক্তা প্রতিযোগিতার ক্যাম্পেইন
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় পর্যায়ে ছাত্র উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিযোগিতার আয়োজন করছে উদ্দ্যোক্তা সংগঠন ‘এন্টারপেনারস সংস্থা বাংলাদেশ (ইও বাংলাদেশ)’। প্রতিযোগিতায় বিজয়ী একজন গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনারস অ্যাওয়ার্ডস (জিএসইএ) প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন ক্লাব ও ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় ইও বাংলাদেশ এ প্রতিযোগিতার প্রচারণা অনুষ্ঠান আয়োজন করেছিল। ২০১৬ সাল থেকে ইও বাংলাদেশ এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করে আসছে।
প্রচারণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের অধ্যাপক ড. রাফিউদ্দিন আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন ইও বাংলাদেশের কো-চেয়ার (ফাইন্যান্স) গিয়ারস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাফীস এম খান, জিএসইএ বাংলাদেশের চেয়ার এলসন কনজ্যুমার প্রোডাক্টস লিমিটেড ডিরেক্টর সাদাত অমি, ইও বাংলাদেশের কো-চেয়ার (লার্নিং) পারসোনা বিউটি কেয়ার লিমিটেড সিইও শাওন তানভীর এবং ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান চৌধুরী প্রমুখ।
প্রতিযোগিতায় নিবন্ধনের জন্য আগামী ৭ নভেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে (gsea.org/app) আবেদন করতে পারবেন। প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাপ্টারের বিজয়ী উদ্যোক্তা তিন লাখ টাকা প্রাইজমানি পাবেন। বিশ্বব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা প্রথম স্থান অধিকারী উদ্যোক্ত প্রাইজমানি হিসেবে পাবেন ৫০ হাজার ডলার।
