ঢাবিতে ‘প্রলয় গ্যাং’ সদস্যদের চিহ্নিত করতে আন্তঃহল তদন্ত কমিটি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক কথিত ‘প্রলয় গ্যাং’র সদস্যদের চিহ্নিত করতে আন্তঃহল তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ তদন্ত কমিটি গঠনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুনকে আহ্বায়ক এবং সহকারী প্রক্টর ড. এম এল পলাশকে সদস্য সচিব করে আন্তঃহল তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, স্যার এ এফ রহমান হল, কবি জসীম উদ্দীন হল, জগন্নাথ হল, হাজী মুহম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল, জিয়া হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং সূর্যসেন হলের প্রভোস্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ‘প্রলয় গ্যাং’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর উত্থানের কথা জানা যায়। কথিত এই গ্যাং-এর সদস্যদের আচরণে বখাটেপনা ও উচ্ছৃঙ্খলতার বহিপ্রকাশ ঘটেছে। ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা পরিপন্থী এই গ্যাং কার্যক্রম কোন ক্রমেই কাম্য হতে পারে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights