ঢাবির এক শিক্ষকের পদাবনতি, ৯৯ শিক্ষার্থীর বিভিন্ন মেয়াদে শাস্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

অসদাচারণ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামকে পদাবনতি দেওয়া হয়েছে। তাকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

বুধবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নির্বাহী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। পরে জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে জানানো হয়।

ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের পদাবনতির বিষয়ে বলা হয়, অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি ও ট্রাইবুনালের সুপারিশক্রমে সিন্ডিকেটের সভায় উক্ত শিক্ষকের বিরুদ্ধে পদাবনতির সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে পরীক্ষাসহ ৪ বছর ৫ জনকে পরীক্ষাসহ ৩ বছর এবং ৩৯ জন শিক্ষার্থীকে পরীক্ষাসহ ২ বছর মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এছাড়া, ২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়াও সভায় বিশ্ববিদ্যালয়ে ১৬ জন গবেষককে পিএইচ.ডি. এবং ১৪ জন গবেষককে এম.ফিল. ডিগ্রি প্রদান করা হয়েছে।
সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights