তথ্যমন্ত্রীর নামে ‘ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ’, সতর্ক করলো মন্ত্রণালয়

বাসস
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজের কন্টেন্ট আমলে না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কন্টেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে কেবল একটিমাত্র ‘ব্লু ব্যাজ’ সম্বলিত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট চালু রয়েছে। এটি ছাড়া অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা বা অনুমোদন নেই।

এ ধরনের ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রচারিত কোনো কন্টেন্ট আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত কোনো বিভ্রান্তিকর তথ্য পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights