তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ বাড়ছে, টেকসই অর্থায়নের তাগিদ

অনলাইন ডেস্ক
বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ সংকট মোকাবিলায় কার্যকর কর্মসূচির পাশাপাশি টেকসই অর্থায়ন জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ‘যুব সমাজে উচ্চ রক্তচাপ ঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহায়তায় আয়োজিত ওয়েবিনারে সহ-আয়োজক ছিল বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন ও গিভ বাংলাদেশ।

ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ দায়ী। এর মধ্যে ১৯ শতাংশ অকাল মৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের মধ্যে উচ্চ রক্তচাপের অবস্থান প্রথম।

‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য তুলে ধরে বক্তারা জানান, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী জনগোষ্ঠীর প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এ সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওয়েবিনারে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights