তরুণীর আপত্তিকর ছবি-ভিডিও ছড়ানোয় যুবকের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
ভুয়া ফেসবুক আইডি খুলে তরুণীর ছবি এডিট করে অশ্লীল ছবি ও ভিডিও ছড়ানোর মামলার রায়ে এক যুবককে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে নয় মাসের কারাদণ্ড দেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।
ডিজিটাল নিরাপত্তা আইনের আলাদা তিনটি ধারায় বিচারক এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মিজানুর রহমান তুহিন (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা চৌদ্দমাথা গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, এ মামলার বাদী ভুক্তভোগী তরুণী নিজেই। তারা দুজনে রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। সেখানে তাদের বন্ধুত্ব গড়ে উঠে। আসামী তুহিন ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দিলে সে নাকচ করে। ২০২২ সালের নভেম্বরে তরুণীর বিয়ে হয় অন্য এক যুবকের সঙ্গে। এরপর আসামি তুহিন তরুণীকে ব্লাকমেইল করতে থাকে। সে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে তরুণীর মা-বোন সম্পর্কে কটু কথা বলে। এছাড়াও তরুণীর স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এরপর তরুণীর বেশকিছু ছবি ও ভিডিও সম্পাদনা করে ফেসবুকে ভুয়া আইডি খুলে তাতে পোস্ট করতে থাকে। যা সে ইচ্ছাকৃত ভাবে ভাইরাল করে। ২০২২ সালের নভেম্বর মাসে ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত একটি ভুয়া আইডি খুলে আপত্তিকর ভিডিও ও ছবি পোস্ট করে। এছাড়াও তরুণীর স্বামীকেও অশ্লীল ভিডিও ও ছবি দিতে থাকে। এ ঘটনায় তরুণী বাদী হয়ে ২০২৩ সালের ৫ জানুয়ারি মিজানুর রহমান তুহিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আসামী তুহিনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। পরে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়।
