তাজমিন হত্যা: ধর্ষণ মামলায় কথিত প্রেমিক রাজুর ৩ দিনের রিমান্ড
কক্সবাজার প্রতিনিধি
কুমিল্লার তাজমিনের মৃত্যুর পর কক্সবাজারের আদালতে দায়ের করা ধর্ষণ মামলায় কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী মোহাম্মদ রাশেদের আবেদনের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে এবং আসামি রাজুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আইনজীবী মো. রাশেদ এই মামলার বাদী।
তাজমিনে মৃত্যুর পর গত ১১ অক্টোবর কথিত প্রেমিক রাজুকে আটক করে সদর থানা পুলিশ। পরে কুমিল্লা থেকে সেখানকার জেলা পুলিশ ও লালমাই থানার একটি টিম কক্সবাজার আসলেও রাজুকে তারা গ্রহণ করেনি তথা রাজুকে কুমিল্লায় নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। ফলে সদর থানা থেকে ১২ অক্টোবর রাজুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এরপর ১৬ অক্টোবর এ ঘটনায় স্বপ্রণোদিতভাবে আইনি পদক্ষেপ নেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেন আদালত।
আইনজীবী রাশেদ বলেন, তাজমিনকে যদি রাজু কক্সবাজার না আনত তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটত না। সে কিশোরী, তাকে মিথ্যা তথ্য দিয়ে ভালোবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেছে রাজু।
