তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
অনলাইন ডেস্ক
অভিনেত্রী তানজিন নাহার তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
এ সিদ্ধান্তের বিষয়ে তানজিন তিশাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে সংগঠনটি।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে সংগঠনের ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আড়ে গত ৪ অক্টোবর তানজিন নাহার তিশা বরাবর পাঠানো চিঠিতে সদস্যপদ স্থগিতের বিষয়টি উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মিঠু।
চিঠিতে বলা হয়েছে, গত ৭ জুলাই তানজিন তিশাকে ‘সদস্যপদ স্থগিতকরণ’ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। তবে ওই নোটিশের পরিপ্রেক্ষিতে তিনি কোনো ধরনের জবাব সংগঠনের কার্যালয়ে জমা দেননি।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, তানজিন তিশার এমন আচরণের পরিপ্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সালিশ বা বিবাদ মীমাংসাকরণ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নিয়মিত সভায় তার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
