তাপপ্রবাহ নিয়ে জনসচেতনতামূলক বিজ্ঞাপনে নিরব

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার থেকে সরকার পতনের আন্দোলন। এক মাসেরও বেশি সময় দেশ ছিল টালমাটাল। অফিস-আদালত সবকিছুই ছিল অনেকটাই স্থবির। বিনোদন অঙ্গনও ছিল কর্মশূন্য।

অবশেষে সরকার পতনের মধ্য দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশ। কর্মচাঞ্চল্য ফিরছে লাইট-ক্যামেরার ঝলমলে জগতেও। নতুন কাজ শুরু করছেন নির্মাতা-কলাকুশলীরা। কাজে ফিরেছেন নায়ক নিরব হোসেনও।

তবে কোনো সিনেমা নয়, তাপপ্রবাহ নিয়ে জনসচেতনতামূলক সরকারি একটি বিজ্ঞাপন দিয়ে কাজে ফিরেছেন তিনি। বিজ্ঞাপনটি যৌথভাবে নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। পরিচালনায় আছেন মাহবুবা ফেরদৌস।
সোমবার গণমাধ্যমকে এসব তথ্য নিরব নিজেই জানিয়েছেন। অভিনেতা বলেন, ‘আমি এখন সরকারি এই বিজ্ঞাপনের শুটিংয়ে মানিকগঞ্জে আছি।’

তিনি আরও বলেন, ‘তাপপ্রবাহ নিয়ে নির্মাণ হচ্ছে জনসচেতনতামূলক এই বিজ্ঞাপন। যেখানে জনসাধারণকে গরম থেকে বাঁচতে বেশি বেশি পানি পানসহ নানা ধরনের সচেতনতামূলক পরামর্শ থাকছে।’

‘কাজটি করতে পেরে ভালো লাগছে। যেসব কাজে সমাজের জন্য ম্যাসেজ থাকে, সেসব কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে,’-বলেন নায়ক নিরব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights