সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ সদর উপজেলার ৮ নম্বর কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম চরম ব্যাহত হচ্ছে। জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছে।
এ অবস্থায় চেয়ারম্যানের অপসারণের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে প্যানেল চেয়ারম্যানের উপর দায়িত্ব অর্পণের জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে ইউনিয়নের পরিষদের সদস্যসহ স্থানীয় জনগণ লিখিত দাবি জানিয়েছেন।
লিখিত দাবিতে ইউপি সদস্যসহ জনগণ উল্লেখ করেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণ করেছেন। এরপর থেকে ৮ নম্বর কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সী প্রায়ই অনুপস্থিত থাকছেন এবং স্বল্প সময়ের জন্য গোপনে পরিষদে এসে শুধু উপস্থিত স্বাক্ষর দিয়ে চলে যান।
গত ১ তারিখ থেকে এখন পর্যন্ত তিনি সম্পূর্ণ অনুপস্থিত রয়েছেন। এতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় জনগণের সেবা নিশ্চিত ও অন্তবর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সীকে অপসারণ এবং একজনকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব অর্পণের মাধ্যমে জনভোগান্তি লাঘবসহ জনসেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন জানান, ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সী পরিষদে অনুপস্থিত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুতই জনসেবা নিশ্চিত করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।
