‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল’
অনলাইন প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে ‘উন্নয়নের এক রোল মডেল’ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সোমবার (৩১ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। দেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, যা জনগণের কাছে এখন দৃশ্যমান। মানুষ উন্নত ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখছে। এই উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি প্রয়োজন।
তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং উন্নয়ন অগ্রযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির গুরুত্ব অপরিসীম। অপরাধ নির্মূল করতে হবে। অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। কোনো অপরাধী বিএনপির পরিচয় দিলেও তাকে ছাড় দেওয়ার সুযোগ নেই। অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
জনস্বার্থ বিনষ্টকারী অপরাধীরা যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে তীক্ষ্ণ নজরদারি ও কঠোর আইনি ব্যবস্থা নিতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় ড. খন্দকার মারুফ বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি যখনই সরকারে থাকে, তখন জনগণের কল্যাণে কাজ করে। তারেক রহমানের নেতৃত্বে এবারও বিএনপি ক্ষমতায় এসে জনগণের জীবনমান উন্নয়নে নিরন্তর কাজ করছে।
তিনি বলেন, কৃষি উৎপাদন বাড়াতে শহীদ জিয়ার ঐতিহাসিক ‘নদী-খাল খনন কর্মসূচি’ আবারও চালু করা হয়েছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অসহায়, দুস্থ ও কৃষক পরিবারে সচ্ছলতা ফেরাতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড বিতরণ অব্যাহত রয়েছে।
ড. খন্দকার মারুফ আরও বলেন, গত ছয় মাসে তারেক রহমান রাষ্ট্রের জনগুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন স্বপ্ন নিয়ে কাজ করছেন।
বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশের গণতন্ত্র, অর্থনীতিসহ সব ক্ষেত্র ধ্বংস করে পালিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সততা ও নতুন সুস্থ ধারার রাজনীতির কারণে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ, আগামী দিনে তাঁর নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ হবে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।’
সভায় দাউদকান্দি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসেবী ও মাদক কারবারী দমন, হাটবাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, চুরি প্রতিরোধ, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বিশেষভাবে আলোচনায় আসে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক, বিএনপি নেতা নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদ, দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
