ময়মনসিংহে অটোচালক হত্যার দায়ে একজনের ফাঁসি, ২ জনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে অটোচালক মো. নাজিম উদ্দিন হত্যা মামলায় পলাশ নামে এক আসামিকে মৃত্যুদণ্ড এবং তোফায়েল আহমেদ নাসিম ও শাকিল নামে অপর দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

রায়ে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন আদালত।

অপর দুই আসামি তোফায়েল আহমেদ নাসিম ও শাকিলকে একই ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৭ জানুয়ারি অটোচালক নাজিম উদ্দিন হত্যার ঘটনায় নিহতের ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় তোফায়েল আহমেদ নাসিম, পলাশ ও শাকিলকে আসামি করা হয়।

তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৫ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকাজে রাষ্ট্রপক্ষে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

রায় ঘোষণার পর বাদীপক্ষের পরিবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। নিহতের স্ত্রী বলেন, ‘তিনজনেরই ফাঁসি হলে আমরা খুশি হতাম।’

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আকরাম হোসেন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights