তাহসান খানের দ্বিতীয় সংসারও ভাঙছে

অনলাইন ডেস্ক

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান আবারও ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। গেল বছরের শুরুতেই মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের ঘোষণা দিয়ে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে এক বছরের মধ্যেই এই সংসার ভাঙনের পথে।

কালের কণ্ঠকে একান্ত আলাপে তাহসান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ ২০২৫ সালের জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে বিস্তারিত বলব।’

তাহসান আরও জানিয়েছেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। তবে আমাদের বিবাহবার্ষিকীকে কেন্দ্র করে কিছু ভুয়া খবর দেখার পর বলতে হচ্ছে, আমরা এখন একসাথে থাকছি না।’

তাহসান খান ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেন। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দশ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপে কাজ করছেন এবং নিউইয়র্কে নিজের একটি মেকআপ প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে, যদিও তারা দুই বছর আগে থেকে আলাদা ছিলেন। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান আইরা তাহরিম খান রয়েছে।

সূত্র: কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights