তিন ঘণ্টায় ৩৬ আপিল নিষ্পত্তি করল ইসি

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের পর শনিবার (১০ জানুয়ারি) থেকে আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই শুনানিতে সকাল থেকে প্রথম তিন ঘণ্টায় ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নিয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ আপিল নিষ্পত্তি করে ইসি।

জানা গেছে, ইসির নিষ্পত্তি করা ৩৬টি আপিলের মধ্যে ২৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ছয় জন প্রার্থীর আপিল না মঞ্জুর করেছে কমিশন। এছাড়া চার জন প্রার্থীকে শুনানি শেষ হওয়ার আগে আরও কিছু প্রমাণপত্র দাখিল করতে বলা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। নির্বাচন কমিশনে গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়। এর আগে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ৭২৩টি মনোনয়ন বাতিল করেন।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। রবিবার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০ নম্বর আপিল, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights