তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তাই এটি বাস্তবায়নে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। দেশে যেমন পদ্মা ব্যারেজ হচ্ছে, তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে।

সোমবার দুপুরে শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বর্তমানে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে—ফারাক্কা চুক্তি, পদ্মা ব্যারেজ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স মাত্র তিন মাস। একটি মহাপরিকল্পনা বা ব্যারেজ নির্মাণ করতে গেলে অনেক টেকনিক্যাল বিষয় থাকে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমেই এসব কাজ করতে হয়।’

তিনি আরও বলেন, আগামী ১১ ডিসেম্বর ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যেভাবে ফারাক্কা চুক্তি করেছিলেন, আমরাও সেভাবেই এ চুক্তি করতে চাই,’ যোগ করেন তিনি।

নতুন কুঁড়ি স্পোর্টস প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই আয়োজনের মাধ্যমে সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চান, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক।

তিনি বলেন, প্রত্যেক অভিভাবকই চান তার সন্তান ভালো কিছু করুক, ডাক্তার-ইঞ্জিনিয়ার হোক। তবে লেখাপড়ার পাশাপাশি সন্তানেরা যদি ভালো খেলোয়াড় হয়, তাহলে তাদেরও সুযোগ দিতে হবে। তারাও দেশের সুনাম অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজ-উন-নবী ডন, আমিনুল ইসলাম, মোহাম্মদ আবদুল মাবুদ, রুহুল আমিন এবং সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights