ভারতের প্রথম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণে টাটা ইলেকট্রনিক্স-এএসএমএল চুক্তি

অনলাইন ডেস্ক
ভারতের নিজস্ব চিপ শিল্প গড়ে তোলার পথে বড় পদক্ষেপ নিল টাটা ইলেকট্রনিক্স। গুজরাটে দেশের প্রথম ‘ফ্রন্ট-এন্ড’ সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে ডাচ প্রযুক্তি প্রতিষ্ঠান এএসএমএল’র সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি।

শনিবার স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে গুজরাটের ধোলেরায় নির্মীয়মাণ টাটার ৩০০ মিলিমিটার সেমিকন্ডাক্টর ফ্যাব প্ল্যান্টে প্রযুক্তিগত সহায়তা দেবে এএসএমএল। যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, অত্যাধুনিক চিপ উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও কারিগরি সহযোগিতা প্রদান করবে ডাচ কোম্পানিটি।

এই প্রকল্পে প্রায় ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টাটা ইলেকট্রনিক্স। প্ল্যান্টটিতে অটোমোবাইল, মোবাইল ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে ব্যবহৃত সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী রব জেটেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের নেতারা জ্বালানি, বন্দর, প্রযুক্তি ও উদ্ভাবন খাতের শীর্ষ ডাচ কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গেও বৈঠক করেছেন।

অনুষ্ঠানে এএসএমএল’র প্রধান নির্বাহী ক্রিস্টোফ ফুকে বলেন, ভারতের দ্রুত বিকাশমান সেমিকন্ডাক্টর শিল্প বিশ্ববাজারে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের মাধ্যমে এই খাতে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় প্রতিষ্ঠানটি।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি ডাচ কোম্পানিগুলোকে সেমিকন্ডাক্টর, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দুই নেতা।

ভারত সরকার ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ আকর্ষণে বিপুল ভর্তুকি ঘোষণা করেছে। বর্তমানে দেশজুড়ে আটটি সেমিকন্ডাক্টর প্রকল্পের কাজ চলছে, যার মধ্যে গুজরাটে টাটা ইলেকট্রনিক্সের প্রায় ১৪ বিলিয়ন ডলারের স্থাপনাও অন্যতম।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights