তুরস্কের ভূমিকম্পে দুর্গতদের জন্য টিম খোরশেদের সহায়তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

তুরস্কের ভূমিকম্পে দুর্গত জনগণের জন্য দূতাবাসের চাহিদা অনুযায়ী জেনারেটর, কম্বল, স্যানেটারি ন্যাপকিন, ডায়াপার ও বিস্কুট প্রেরণ করেছে মানবিক সংগঠন টিম খোরশেদ। বুধবার বাংলাদেশে অবস্থিত তুরস্কের দূতাবাসে এসব সামগ্রী প্রেরণ করা হয়।

এর আগে কয়েকদিন ধরে সামর্থ্যবানদের সহযোগিতায় টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ অন্যরা এসব সামগ্রী সংগ্রহ ও প্যাকিং করেন।

জানা যায়, করোনার মানবিক সংকটে সৃষ্টি হয় টিম খোরশেদ নামে এ সংগঠনটি। করোনার শুরুতে যখন বাংলাদেশের কোথাও করোনায় মারা গেলে কেউ কাছেও যেতেন না, ছেলে বাবার লাশ ধরতে চাইতেন না, তখন টিম খোরশেদের সদস্যরা এগিয়ে এসেছেন মানুষের এই সংকটে। দাফন/সৎকারসহ অসুস্থদের চিকিৎসা সেবা দিয়েছেন।
তবে এসব কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে তৈরি সংকটে পাশে থাকতে চেষ্টা করেছে টিম খোরশেদ। তারই অংশ হিসেবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য জেনারেটর, কম্বল, স্যানেটারি ন্যাপকিন, ডায়াপার ও বিস্কুট প্রেরণ করেছেন তুরস্কে।

টিম খোরশেদের টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, যখনি এই ভূমিকম্পের খবর পাই, তখনি গণমাধ্যমের দিকে চোখ রাখি, ধীরে ধীরে মানবিক এ সংকট আমাদের চোখে অশ্রু এনে দেয়। পৃথিবীর এক প্রান্ত থেকে সামান্য এই সহযোগিতা যদি আমরা করতে পারি, তাহলে হয়তো আমাদের ভালো লাগবে এই ভেবে আমি কয়েকজন সামর্থ্যবানের সহায়তায় চেষ্টা করেছি তাদের পাশে থাকতে। তুরস্কের পাশাপাশি সিরিয়াতেও সংকট প্রকট, সেখানে যেন ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া যায়, সেজন্য আমি সংশ্লিষ্টদের নিকট আবেদন জানাই।

এদিকে নারায়ণগঞ্জের মাসদাইরে কাউন্সিলর খোরশেদের কার্যালয়ে সকালে টিম খোরশেদের সদস্য হাফেজ শিব্বির সহায়তা সামগ্রী প্রেরণের আগে সেখানে নিহতদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করেন এবং দুর্গতদের জন্যও দোয়া করেন। পরে সেখান থেকে মালামাল নিয়ে রওনা দেন।

এসময় উপস্থিত ছিলেন টিম লিডার কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, রানা মজিব, নাজমুল কবির নাহিদ, শতকত খন্দকার, হাফেজ শিব্বীর, হিরাশিকো, মো. শহীদ, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, নাইমুল খন্দকার বাবু, আল-আমিন খান, হাফেজ রিয়াদুর রহমান রিয়াজ, মাসুদ আহমেদ, নীরব, রাজু, হাশেম ও টিম সচিব আলী সাবাব টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights