তেহরানের আকাশে ঘন কালো মেঘ, ঝরছে ‘কালো বৃষ্টি’

অনলাইন ডেস্ক

ইরানের রাজধানী তেহরানে জ্বালানি তেলের গুদামে হামলার পর শহরের আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে। এরই মধ্যে আকাশ থেকে অদ্ভুত ‘কালো বৃষ্টি’ ঝরতে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

রবিবার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে রাজধানী তেহরানের বহু বাসিন্দা এ অস্বাভাবিক বৃষ্টিপাত প্রত্যক্ষ করেন। স্থানীয়দের দাবি, বৃষ্টির পানির রং স্বাভাবিকের তুলনায় অনেকটাই কালচে এবং এতে তেলের মতো পদার্থ মিশ্রিত বলে মনে হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্য সিএনএন’র তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন ঘটনাস্থল থেকে জানান, বৃষ্টির পানির রং অস্বাভাবিকভাবে কালো দেখাচ্ছে এবং মনে হচ্ছে এটি তেল বা ধোঁয়ার কণায় মিশ্রিত।

তিনি বলেন, ‘আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি—বৃষ্টির পানি আসলে কালো। মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা তেলের সঙ্গে মিশে গেছে।’

এর আগে শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব স্থাপনা থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হতো বলে দাবি করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামলার ফলে জ্বালানি স্থাপনাগুলোতে আগুন ও ধোঁয়ার সৃষ্টি হওয়ায় পরিবেশে তেলের কণা ছড়িয়ে পড়ে। সেই কণার প্রভাবে তেহরানে এমন কালো বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights