তেহরানে ইসরায়েলি ড্রোন হামলা, আইআরজিসি ও বাসিজ সদস্যসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং আধা সামরিক বাহিনী বাসিজ-এর বিভিন্ন তল্লাশি চৌকি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে জানা গেছে, এই আকস্মিক হামলায় অন্তত ১০ জন ‘নিরাপত্তারক্ষী’ নিহত হয়েছেন।
তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে থাকা এই তল্লাশি চৌকিগুলো মূলত আইআরজিসি এবং বাসিজ বাহিনী পরিচালনা করে থাকে। বাসিজ মূলত একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক গোষ্ঠী, যারা ইরানি শাসনের সুরক্ষা প্রদান এবং জনসমক্ষে ইসলামি নৈতিকতা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত। সাধারণত রক্ষণশীল ও দরিদ্র পটভূমি থেকে আসা আদর্শগতভাবে কট্টরপন্থীরাই এই বাহিনীতে যোগ দিয়ে থাকেন।
চলতি বছরের শুরুর দিকে ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা ও বিক্ষোভ দমনেও এই বাহিনীর সদস্যদের সম্মুখ সারিতে দেখা গেছে।
এই হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: সিএনএন
